২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিস লিমিটেডের বড় লোকসান হয়েছে। আলোচিত সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় তথ্যপ্রযুক্তি খাতের এই কোম্পানিটির লোকসান বেড়েছে প্রায় ৯০ শতাংশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে প্রথম ৯ মাসে আমরা টেকনোলজিসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই লোকসানের পরিমাণ ছিল ৯৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮৭ পয়সা বা প্রায় ৯০ শতাংশ।
এদিকে আলোচিত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩৩ পয়সা। ফলে এ সময়ে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৩২ পয়সা বা প্রায় ৯৭ শতাংশ।
কোম্পানির দেওয়া তথ্যমতে, বিক্রি বা আয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ইপিএসসহ সব প্রধান আর্থিক সূচকেই নেতিবাচক প্রভাব পড়েছে। একই সময়ে পরিচালন ব্যয় ও সরবরাহকারীদের পাওনা পরিশোধের পরিস্থিতি আগের বছরের তুলনায় অনুকূলে থাকলেও নগদ অর্থ সংগ্রহ উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি অর্থায়ন ব্যয় বেড়ে যাওয়ায় নগদ প্রবাহেও বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে।
গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ৬২ পয়সায়।
এমএমএইচ/আরএফ
