বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, জ্বালানি আমদানি ও বিপণন বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে। এ মুহূর্তে বিষয়টির সর্বশেষ অবস্থাও আমার জানা নেই।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিপিসির প্রধান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ড. মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে আপাতত তেলের কোনো সংকট নেই। ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি অনেকটাই নিরাপদ। তবে তেল কেনা বিপিসির জন্য বড় চ্যালেঞ্জ। স্বল্পমেয়াদে তেলের মজুত নিয়ে কোনো সমস্যা নেই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালিসহ বিভিন্ন সমুদ্রপথে জাহাজ চলাচলে জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের দীর্ঘমেয়াদে জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিকল্পনার কাজ চলছে।
তিনি বলেন, তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। সমুদ্র থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহের জন্য এসপিএম প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। শিগগিরই এই প্রকল্পের অপারেটর নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে জ্বালানি তেল খালাস ও সরবরাহ ব্যবস্থায় আরও গতি আসবে বলে জানান তিনি।
ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে বিপিসি চেয়ারম্যান বলেন, ইআরএল-২ প্রকল্পের পরিচালক চট্টগ্রামে এসেছেন। তিনি অফিস শুরু করেছেন। প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
মতবিনিময় সভায় বিপিসির বিভিন্ন কার্যক্রম, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমকর্মীরা বিভিন্ন প্রশ্ন করেন। বিপিসির চেয়ারম্যান এসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
এ সময় বিপিসির পরিচালক (পরিকল্পনা) মুহাম্মদ আসাদুল হক, ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ প্রকল্পের পরিচালক (পিডি) আছমা আরা বেগম, পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মফিজুর রহমান, মেঘনা অয়েল পিএলসির এমডি মো. শাহীরুল হাসান, যমুনা অয়েল পিএলসির এমডি মো. ইউসুফ হোসেন ভূঁইয়া এবং ইস্টার্ন রিফাইনারির এমডি মো. শরীফ হাসনাতসহ বিপিসি ও এর অধীনস্থ কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর/বিআরইউ
