বিজ্ঞাপন

বাজেটের আগে শেয়ারবাজারে অস্থিরতা, শুরুতে বড় উত্থান-দিনশেষে পতন

বাজেটের আগে শেয়ারবাজারে অস্থিরতা, শুরুতে বড় উত্থান-দিনশেষে পতন

শুরুতে বড় উত্থান, এরপর ঢালাও দরপতন, তারপর আবার উত্থান, ফের পতন। নতুন অর্থবছরের বাজেটের আগে দেশের শেয়ারবাজারে এমন প্রবণতাই দেখা যাচ্ছে। আগামীকাল (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই বাজেট উপস্থাপনের আগে শেয়ারবাজারে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে।

শুরুতে বড় উত্থান হলেও শেষের দিকে বিক্রির চাপে সেই উত্থান টেকেনি। উল্টো অধিকাংশ শেয়ার ও ইউনিটে দরপতন হওয়ার পাশাপাশি বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো মূল্যসূচক কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার। ফলে এই বাজারেও প্রধান প্রধান মূল্যসূচকগুলো কমেছে। তবে চট্টগ্রামের এই শেয়াবাজারে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। লেনদেনের প্রথম আড়াই ঘণ্টা সূচকের ঊর্ধ্বমুখী ধরা অব্যাহত থাকে। তবে লেনদেনের শেষ দিকে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চাপ বাড়ায়, এতে দাম কমার তালিকাও বড় হতে থাকে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৭৮টির। আর দিনশেষে ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে ২ হাজার ৮০ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৪ পয়েন্টে উঠে এসেছে।

প্রধান মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২১০ কোটি ৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৭৭ কোটি ৭৯ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৭ প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৩ কোটি ৭২ লাখ টাকা।

এমএমএইচ/এসএম