বিজ্ঞাপন

তালিকচ্যুতি ফেরাতে বেক্সিমকো ফার্মাকে পর্ষদ সভা করার অনুমোদন

তালিকচ্যুতি ফেরাতে বেক্সিমকো ফার্মাকে পর্ষদ সভা করার অনুমোদন

লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ সভা করার জন্য বিশেষ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে কোম্পানিটি এখন পর্ষদ সভা করে আর্থিক প্রতিবেদন প্রকাশ করার পাশাপাশি সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারবে।

রোববার (২১ জুন) বিএসইসি থেকে কোম্পানিটিকে এই বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে বলে সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে। তথ্য অনুযায়ী, বিশেষ অনুমোদন পাওয়ার পর দ্রুত সময়ের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পর্ষদ সভা আহ্বান করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

জানা গেছে, পর্ষদ সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পাশাপাশি চলতি হিসাব বছরের তিন প্রান্তিকের (অর্থাৎ ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক এবং চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য লভ্যাংশও ঘোষণা করতে পারবে।

বিএসইসি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তালিকাচ্যুতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে নিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ না করায় গত ২ জানুয়ারি থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) কোম্পানিটির গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্টস (জিডিআর) লেনদেন স্থগিত রয়েছে।

এআইএমের বিদ্যমান বিধান অনুযায়ী, কোনো সিকিউরিটিজের লেনদেন টানা ৬ মাস বন্ধ থাকলে তার তালিকাভুক্তি বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লন্ডনের তালিকাভুক্ত সিকিউরিটিজের ৬ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সম্প্রতি বিএসইসি চেয়ারম্যানের কাছে চিঠি দেন।

চিঠিতে বিশেষ ব্যবস্থার মাধ্যমে কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আয়োজন এবং বকেয়া আর্থিক প্রতিবেদন অনুমোদনের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানানো হয়। তার পরিপ্রেক্ষিতেই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষে থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে পর্ষদ সভা করার বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর প্রকাশিত এক মূল্য সংবেদনশীল তথ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস জানায়, এআইএম রুল-১৯ অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক হিসাব নির্ধারিত সময়সীমা, অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী সময়মতো প্রতিবেদন দাখিল করতে না পারায় ২ জানুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে লন্ডনের বাজারে কোম্পানিটির জিডিআর লেনদেন বন্ধ থাকবে। সেই ঘোষণা অনুযায়ী ওইদিন থেকে লন্ডনের পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

এমএমএইচ/জেডএস