শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের বেতন-ভাতা কয়েক গুণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এ-সংক্রান্ত এক প্রস্তাবে বিএসইসি চেয়ারম্যানের বর্তমান বেতন-ভাতা ১ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়েছে ৬ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর কমিশনারদের বেতন-ভাতা ১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবনায় বিএসইসির শীর্ষ পদগুলোর জন্য নতুন বেতন কাঠামোর এই সুপারিশ করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে চেয়ারম্যানের বেতন-ভাতা প্রায় ২৪৩ শতাংশ এবং কমিশনারদের বেতন-ভাতা ১৫২ শতাংশের বৃদ্ধি পাবে।
বর্তমানে ২০১৬ সালের ৪ মে জারি হওয়া অর্থ বিভাগের একটি স্মারকের মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের বেতন-ভাতা নির্ধারিত হয়ে আসছে। ওই স্মারক অনুযায়ী, বর্তমানে বিএসইসি চেয়ারম্যান মাসিক মূল বেতন ৮৬ হাজার টাকা। এর পাশাপাশি বাসাভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বাবদ আরও ৮৬ হাজার টাকা এবং আপ্যায়ন ভাতা হিসেবে ৩ হাজার টাকা পান। এর পাশাপাশি এই পদে নিয়োগপ্রাপ্তকে ২০১৬ সালের ৩০ মে জারি হওয়া আরেকটি স্মারকের অধীনে নির্ধারিত বেতন-ভাতার অতিরিক্ত হিসেবে ১টি গাড়ি এবং অফিস ও আবাসিক টেলিফোন সুবিধা (বিদ্যমান সিলিং মতে) দেওয়া হয়।
অন্যদিকে কমিশনাররা প্রথম স্মারকের অধীনে মাসিক ৭৮ হাজার টাকা মূল বেতন ছাড়াও বাসাভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বাবদ আরও ৭৮ হাজার টাকা এবং আপ্যায়ন ভাতা হিসেবে ২৫০০ টাকা পান। তারাও স্মারকের অধীনে নির্ধারিত বেতন-ভাতার অতিরিক্ত হিসেবে ১টি গাড়ি এবং অফিস ও আবাসিক টেলিফোন সুবিধা (বিদ্যমান সিলিং মতে) পান।
নতুন প্রস্তাব অনুযায়ী, চেয়ারম্যানের বেতন-ভাত (সর্বসাকুল্যে) ৬ লাখ টাকা করা প্রস্তাব করা হয়েছে। আর কমিশনারদের জন্য বেতন-ভাত (সর্বসাকুল্যে) ৪ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রচলিত বিধি অনুযায়ী, চেয়ারম্যান ও কমিশনারদের জন্য জ্বালানি সর্বোচ্চ সীমা সাপেক্ষে সার্বক্ষণিক ব্যবহারের স্বার্থে চালকসহ গাড়ি এবং অফিস ও আবাসিক টেলিফোন সুবিধা (বিদ্যমান সিলিং মতে) চাওয়া হয়েছে।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (বিমা ও পুঁজিবাজার অনুবিভাগ) মো. সাঈদ কুতুব বলেন, বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের বেতন বাড়ানোর প্রস্তাবের বিষয়ে অর্থ বিভাগের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ চুক্তিভিত্তিক। তাদের বেতন-ভাতাও চুক্তির মাধ্যমেই নির্ধারিত হয়। তাই চেয়ারম্যান ও কমিশনারদের বেতন পুনর্নির্ধারণের প্রস্তাবও স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।
প্রসঙ্গত, গত ৪ জুন বিএসইসির চেয়ারম্যান এবং তিনজন কমিশনারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপত্র অনুযায়ী, চেয়ারম্যান ও কমিশনারদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।
এমএমএইচ/বিআরইউ
