শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে ইসলামী ইন্স্যুরেন্সের মুনাফা ২৮ শতাংশ বাড়লেও বিআইএফসির লোকসান বৃদ্ধির তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানি দুটির পৃথক আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ইসলামী ইন্স্যুরেন্সের মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮০ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২২ পয়সা বা ২৮ শতাংশ। গত ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ দশমিক ৬৭ টাকায়।
অন্যদিকে একই সময়ে বিআইএফসির আর্থিক অবস্থার অবনতি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৮১ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৬৫ পয়সা। ফলে এক বছরে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৬ পয়সা বা প্রায় ১০ শতাংশ। গত ৩১ মার্চ শেষে বিআইএফসির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৩৫ টাকা ৩৯ পয়সায়।
এমএমএইচ/জেডএস
