চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষ হচ্ছে মঙ্গলবার (৩০ জুন)। চলতি সপ্তাহের তৃতীয় এই কার্যদিবসে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবগুলো মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি ঢাকার এই শেয়ারবাজারে প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে পাস হওয়া অর্থ বিলে শেয়ারবাজারের জন্য বেশ কিছু কর ছাড় পাওয়া গেছে। এতে আজ সকালে লেনদেন শুরুর পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব দেখা গেছে। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাজার সম্প্রসারণে শেয়ারবাজারে গুরুত্ব বাড়াতে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এসব বিষয় ভবিষ্যতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তারই প্রতিফলন আজকের লেনদেনে কিছুটা দৃশ্যমান হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার লেনদেনের শুরুতেই ডিএসইর অধিকাংশ শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখায়। বেলা ১১টার দিকে কিছু শেয়ার দরবৃদ্ধির তালিকা থেকে পতনের তালিকায় যুক্ত হয়। পরে দুপুর ১২টার দিকে আবারো অধিকাংশ সিকিউরিটিজ দরবৃদ্ধির তালিকায় ফেরে। এই ধারা অব্যাহত থেকেই দিনের লেনদেন শেষ হয়েছে।
দিনশেষে আজ ডিএসইতে সব খাত মিলে লেনদেন হওয়া মোট ৩৯৭টি শেয়ার ও ইউনিটের মধ্যে ২৪৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৪টির এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে উঠে এসেছে।
মূল্যসূচক বাড়ার পাশাপাশি আজ ডিএসইতে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকা। আগের কার্যদিবসে (সোমবার) লেনদেন হয় ১ হাজার ৩৫১ কোটি ৫২ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় আজ লেনদেন বেড়েছে ২২২ কোটি ১৩ লাখ টাকা।
আজকের এই লেনদেন ২০২৪ সালের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়। সে হিসেবে আজকের লেনদেন ১ বছর ১০ মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টির দাম বেড়েছে, ৬৯টির কমেছে এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনের লেনদেন শেষে এক্সচেঞ্জটির সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৯৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৫০ পয়েন্টে উন্নীত হয়েছে। আজ চট্টগ্রামের এই শেয়ারবাজারে ৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৪ কোটি ২৯ লাখ টাকা।
এমএমএইচ/জেডএস
