দেশের পুঁজিবাজারে তারল্য সংকট কাটিয়ে লেনদেনে আরও গতি আনতে দীর্ঘদিনের আলোচিত ‘স্ক্রিপ নেটিং’ বা ‘ইন্ট্রাডে ট্রেডিং’ চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ২০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে ‘স্ক্রিপ নেটিং’ বা ‘ইন্ট্রাডে ট্রেডিং’ চালুর জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে স্টক এক্সচেঞ্জদ্বয়কে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিএসইসির এই উদ্যোগ বাস্তবায়ন হলে বিনিয়োগকারীরা যেকোনো কোম্পানির শেয়ার একইদিনে যতবার খুশি কিনতে এবং বিক্রি করতে পারবে।
এদিকে একই কমিশন সভায় ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান অবলুপ্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে বিএসইসি। ১০ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি অবলুপ্তির আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফান্ডটির মোট ইউনিট মূলধন ১০৪ কোটি ৩২ লাখ টাকা। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
এমএমএইচ/এসএএস
