শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মুনাফায় প্রবৃদ্ধি অর্জন করেছে। আন্ডাররাইটিং ব্যবসা থেকে আয় বাড়ায় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে।
রোববার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৬ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৩৩ পয়সা বা প্রায় ২০ শতাংশ।
এদিকে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২১ পয়সা। ফলে এ প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫৪ পয়সা বা প্রায় ৪৫ শতাংশ।
গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭৬ পয়সা।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচ্য সময়ে আন্ডাররাইটিং ব্যবসা থেকে বেশি মুনাফা অর্জনের ফলে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বৃদ্ধি পেয়েছে। এছাড়া ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) উন্নত হয়েছে। একই সঙ্গে বিমা প্রিমিয়াম আদায় বাড়ায় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
এমএমএইচ/এসএম
