বিজ্ঞাপন

এক বছরে ৪৬৬০ জনকে বিনিয়োগ প্রশিক্ষণ দিয়েছে বিএসইসি

এক বছরে ৪৬৬০ জনকে বিনিয়োগ প্রশিক্ষণ দিয়েছে বিএসইসি

পুঁজিবাজারে সচেতন ও দক্ষ বিনিয়োগকারী গড়ে তুলতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম আরও জোরদার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে বিনিয়োগকারী, বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, এসএমই উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪ হাজার ৬৬০ জন বিএসইসির বিভিন্ন বিনিয়োগ শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। এসব কর্মসূচির লক্ষ্য বিনিয়োগকারীদের সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা এবং পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক বছরে সর্বাধিক ১ হাজার ৮৯৬ জন বিনিয়োগকারী সরাসরি প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া পুঁজিবাজারের বিভিন্ন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের ১ হাজার ১৯৪ জন কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণে অংশ নেন। এ সময় পুঁজিবাজার-সংশ্লিষ্ট সাংবাদিকদের জন্য আয়োজিত ‘পুঁজিবাজার বিষয়ক কর্মশালায়’ অংশ নেন ৫২ জন সাংবাদিক।

আন্তর্জাতিক পরিসরেও বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে কমিশন। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (ইউএস এসইসি) আর্থিক সাক্ষরতা বিষয়ক অভিজ্ঞতা নিয়ে আয়োজিত ‘সেমিনার অন সার্ভিল্যান্স অ্যান্ড ক্যাপিটাল ইস্যু অ্যান্ড ফাইন্যান্সিয়েল লিটারেসি অব ইউএস এসইসি’-এ অংশ নেন ৬১ জন।

এ ছাড়া ডিএসইর ট্রেক হোল্ডারদের অনুমোদিত প্রতিনিধিদের প্রশিক্ষণে ১০৬ জন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন আয়োজনে ১ হাজার ২৯০ জন, এসএমই উদ্যোক্তাদের মূলধন সংগ্রহ বিষয়ে প্রশিক্ষণে ৩৫ জন এবং নারী বিনিয়োগকারীদের জন্য আর্থিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক কর্মশালায় ২৬ জন অংশগ্রহণ করেন।

বিএসইসি জানিয়েছে, বিনিয়োগ শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান বৃদ্ধি, বাজারে সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে একটি স্বচ্ছ, সুশৃঙ্খল ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলাই এসব উদ্যোগের মূল উদ্দেশ্য।

এমএমএইচ/জেডএস