২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। যদিও আলোচ্য অর্থবছরে কোম্পানিটি লোকসানের মুখে পড়েছে। আর সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির লোকসানের পাল্লা আরো ভারী হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের জন্য এই লভ্যাংশের ঘোষণা দেওয়ার পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়।
বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় উল্লেখিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশের সুপারিশ করা হয়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ৩৮ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ আগস্ট।
এদিকে, সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ২২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১ টাকা ১৫ পয়সা বা ১০৭ শতাংশ। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ১৬ পয়সা।
এমএমএইচ/জেডএস
