বিজ্ঞাপন

এনসিটিবির নতুন চেয়ারম্যান রিয়াজুল হাসান

এনসিটিবির নতুন চেয়ারম্যান রিয়াজুল হাসান

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক (এনসিটিবি) বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ. কে. এম. রিয়াজুল হাসান। তিনি শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের কর্মকর্তা।

আজ (শনিবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমেই সারা দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাক্রম প্রণয়ন করা হয়। এ ছাড়া এই সংস্থার মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যের বইও দেওয়া হয়।

অধ্যাপক রিয়াজুল হাসান সর্বশেষ কর্মস্থল ছিল ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। এর আগে তিনি এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) পদেও দায়িত্ব পালন করেছেন। সবশেষ তাকে এনসিটিবি থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। 

গত ২৮ জুলাই দ্বিতীয় মেয়াদে এনসিটিবির চেয়ারম্যান নিয়োগ পান অধ্যাপক ফরহাদুল ইসলাম। সরকার পতনের পর তার নিয়োগের ২২ দিনের মাথায় গত ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি।

অধ্যাপক ফরহাদুল ইসলাম পদত্যাগ করার পর এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবির চৌধুরীকে একই দিনে চেয়ারম্যান পদে রুটিন দায়িত্ব দেওয়া হয়।

এনএম/এনএফ

বিজ্ঞাপন