রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাবের বিরুদ্ধে শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা।
এ সময় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থীরা, ‘আসন্ন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে কেন্দ্র করে অন্য কলেজ উচ্চমাধ্যমিকে শিক্ষার্থীদের যে অস্তিত্বসংকট সৃষ্টি হয়েছে, তার পূর্ণাঙ্গ নিরসনের লক্ষ্যে- অস্তিত্বের সংগ্রাম’ ব্যানার নিয়ে আন্দোলনে অংশ নিয়ে এসব কলেজের শিক্ষকদের সঙ্গে একাত্মতা পোষণ করতে দেখা যায়।
ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা বলেন, আসন্ন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের কারণে আমাদের কলেজগুলোর উচ্চমাধ্যমিক পর্যায়ের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। আমরা এই সংকটের পূর্ণাঙ্গ নিরসন চাই।
অংশগ্রহণকারীরা জানান, সরকার যদি নতুন বিশ্ববিদ্যালয় গঠন করতে চায়, তবে তা বিদ্যমান কলেজগুলোর কাঠামো নষ্ট না করে পৃথকভাবে করা উচিত। তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন বা প্রশাসনিক সুবিধার নামে কলেজের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য নষ্ট হতে দেওয়া হবে না।
আরও পড়ুন
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
এসএআর/এমএন
