বিজ্ঞাপন

একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল ২৩ নভেম্বর পর্যন্ত 

একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল ২৩ নভেম্বর পর্যন্ত 

২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রেজিস্ট্রেশনের কাজ আগামী ২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত সম্পন্ন করা যাবে। 

সোমবার (১৭ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এতে জানানো হয়, শিক্ষা বোর্ড–আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইটের কলেজ লগইন প্যানেলে (ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) প্রবেশ করে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তথ্য অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য পাঠাতে হবে। সেজন্য সর্বশেষ সময় আগামী ২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। 

বিজ্ঞপ্তিতে সতর্ক করে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যেই সব রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপরও যদি কোনো কলেজ রেজিস্ট্রেশন করতে না পারে তবে পরবর্তীতে উদ্ভূত জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না।

প্রসঙ্গত, চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চার ধাপে আবেদন নেওয়া হয়। এতে মোট ১০ লাখ ৬৬ হাজার ১৬৩ জন শিক্ষার্থী আবেদন করে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীরা গত ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পান। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের ক্লাস শুরু হয়।

আরএইচটি/এমএন