শিক্ষা অফিস, ট্রেনিং কলেজে হচ্ছে ডিজিটাল কনফারেন্স ও রেকর্ডিং রুম

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার ডিজিটাল রূপান্তরের সুবিধা পৌঁছে যাচ্ছে শিক্ষা বিভাগের নিজস্ব অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেও। বাংলাদেশ সরকার ও চীন সরকারের যৌথ উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে আধুনিক ডিজিটাল কনফারেন্স রুম ও রেকর্ডিং রুম স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চীনা কারিগরি দলের করা সমীক্ষার ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট অফিসগুলো থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিনহাজউদ্দীন আহম্মদের সই করা এক স্মারকে এ বিষয়ে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এস্টাবলিশমেন্ট অব স্মার্ট ক্লাসরুমস ইন সিলেক্টেড সেকেন্ডারি স্কুলস অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৩০০টি স্মার্ট ক্লাসরুম, ৩০টি কনফারেন্স রুম ও ১০টি রেকর্ডিং রুম স্থাপনের লক্ষ্যে চীনা কারিগরি দল ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছে। এখন প্রকল্পের আওতায় বিদ্যমান প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল কনফারেন্স রুম ও রেকর্ডিং রুম স্থাপনের লক্ষ্যে আঞ্চলিক পরিচালকের কার্যালয় ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলো প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। প্রকল্পের চূড়ান্ত কারিগরি সমাধান এবং নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর বাস্তব অবস্থা যাচাইয়ের জন্য চীনা কারিগরি দল কর্তৃক সরবরাহকৃত প্রশ্নমালার আলোকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
সেজন্য সংশ্লিষ্ট অফিসগুলোকে দুটি গুগল ফর্ম লিংকের মাধ্যমে কনফারেন্স রুম ও রেকর্ডিং রুমের তথ্য জমা দিতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, তথ্যগুলো আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে পূরণ করে জমা দিতে হবে।
এছাড়া কক্ষ নির্বাচনের ক্ষেত্রে অপেক্ষাকৃত নতুন ভবন ও উঁচু তলার কক্ষগুলোকে প্রাধান্য দেওয়ার কথাও স্মারকে বলা হয়েছে।
আরএইচটি/এমএসএ