স্বাস্থ্য ক্যাডারের ৩০০ নিয়োগের বিজ্ঞপ্তি, শুধু ভাইভায় হবে মূল্যায়ন

উচ্চতর গ্রেডে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিভিন্ন বিশেষায়িত পদে ৩০০ জন চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা থাকছে না। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমেই প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে এ নিয়োগের আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। তৃতীয় থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত মোট ৫৩টি ক্যাটাগরির পদে এ নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালট্যান্ট পদ রয়েছে। বিভিন্ন বিশেষায়িত বিভাগে এসব পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
বয়সসীমার বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি তারিখে অধ্যাপক পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫০ বছর, সহযোগী অধ্যাপক পদের জন্য ৪৫ বছর এবং সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালট্যান্ট পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা শিথিলযোগ্য।
নিয়োগ প্রক্রিয়ায় শুধু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি। মৌখিক পরীক্ষার পূর্ণমান ১০০ এবং এতে পাস নম্বর ধরা হয়েছে ৫০। পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর গোপনীয় রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আগ্রহী প্রার্থীদের পিএসসির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
আরএইচ/জেডএস