অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফরম পূরণের যাবতীয় কার্যক্রম অনলাইনে (ইএমএস) সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চয়নের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ। এ ছাড়া শিক্ষার্থীরা ১২ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের পর পে-স্লিপ ডাউনলোড বা টাকা জমা দেওয়ার কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এবারের পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা যারা ২০২৩ সালের তৃতীয় বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারবেন। পাশাপাশি ২০১৭-২০১৮ থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরাও রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে অংশ নিতে পারবেন। বিশেষ বিবেচনায় ২০১৪-২০১৫ থেকে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অকৃতকার্য (এফ গ্রেড প্রাপ্ত) শিক্ষার্থীরা ৫ হাজার টাকা বিশেষ ফি প্রদান সাপেক্ষে ফরম পূরণের সুযোগ পাচ্ছেন।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণ শেষে অনলাইন থেকে প্রিন্ট করা কপি নির্ধারিত ফি-সহ স্ব-স্ব কলেজে জমা দিতে হবে। আবেদন ফরমে কোনো ভুল থাকলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে তা বাতিল করে পুনরায় আবেদনের সুযোগ থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এ সংক্রান্ত যেকোনো কারিগরি সহায়তার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পরীক্ষার হলে শিক্ষার্থীদের অবশ্যই মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএইচটি/জেডএস