অন্তর্বর্তীসহ আ.লীগ আমলের অনিয়ম খতিয়ে দেখা হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে শৃঙ্খলার জন্য কাজের মূল্যায়ন করে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারসহ আওয়ামী লীগ সরকারের আমলে যারা শিক্ষাখাতে অনিয়ম, দুর্নীতি ও বদলি বাণিজ্য করেছে, সব খতিয়ে দেখা হবে। নিরীক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
বদলি বাণিজ্য ঠেকাতে অটোমেশন অ্যাপস চালুর ইচ্ছার কথাও জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রী হিসেবে কর্মদিবসের দ্বিতীয় দিনে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব রেহানা পারভীন।
২০০৯ সাল থেকে শ্রেণিকক্ষ ডিজিটাল করার জন্য কোটি কোটি টাকা খরচা করা হয়েছে, আদতে অনেক জায়গায় কাজই করা হয়নি, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শৃঙ্খলার জন্য পুরস্কার ও শাস্তির ব্যবস্থা রাখতেই হবে। বিগত সময়ে যারা অনিয়ম দুর্নীতি করেছেন, তা আমলে নিতে নিরীক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিনেও বদলি বন্ধ ছিল না, বিপুল সংখ্যক বদলি করা হয়েছে। যেখানে বদলি বাণিজ্য হয়েছে। নির্বাচনকালে নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া বদলিও অনিয়ম, জানতে চাইলে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, আমরা খতিয়ে দেখবো। কোনো অসংগতি অসামঞ্জস্যতা রয়েছে কিনা?
চারদলীয় জোট সরকারের আমলে নকলকে জিরোতে আনা সম্ভব হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আবারও ফিরে আসে পরীক্ষায় নকল। আবারও নকল বিরোধী অভিযান শুরু হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আশা করছি নকল বিরোধী অভিযানের আর প্রয়োজন হবে না। শিক্ষা মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের মতো না। সব ধরনের কার্যক্রম এখানে আলাদা।
এনটিআরসিএ-এর কার্যক্রম মনিটরিং করা হবে উল্লেখ করে এহসানুল হক মিলন বলেন, জোট সরকারের সময় আমরা এনটিআরসিএ করছিলাম। অযাচিত হস্তক্ষেপ বন্ধ করে শৃঙ্খলায় নিয়ে আসা। সেখানে আমরা মনিটরিং করবো। এজন্য সেল গঠন করা হবে। এখানে কেউ অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। এখন থেকে খতিয়ে দেখে তারপর নতুন স্কুল অনুমোদন করা হবে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, জুলাই আগস্টেও বই দিতে পারেনি আওয়ামী লীগ সরকার। ২০০১ সালে আমরা শপথ নিয়েছিলাম, এরপর আমরা কিন্তু জানুয়ারিতেই বই দিয়েছিলাম। কখনো ব্যত্যয় ঘটেনি। তাই বই বিতরণে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ আমাদের পূর্বের অভিজ্ঞতা রয়েছে।
প্রশাসনিক দুর্নীতি ও বদলি বাণিজ্য সম্পর্কে মন্ত্রী বলেন, যখন দায়িত্বে ছিলাম না, শ্যাডো মন্ত্রী হিসেবে কাজ করতাম, গবেষণা করতাম। আসলে পৃথিবী এগিয়ে গেছে। আমরা এখন চাইছি অটোমেশন সিস্টেম। একটা অ্যাপস খুলবো, যেখানে কার বদলির সম্ভাবনা, কার কেমন রেজাল্ট, কার বদলি কীভাবে হতে পারে, কর্মকর্তা-কর্মচারীদের রেজাল্টের ভিত্তিতে তদবিরবিহীন বদলি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আশ্বস্ত করতে চাই, এখন আর বদলির নামে কোনো বাণিজ্য হবে না। যদি কোথায় হয়, বা সম্ভাবনা দেখেন, জানাবেন। আমরা ব্যবস্থা নেবো।
জেইউ/জেডএস