একুশের চেতনা স্বাধীনতা ও গণতন্ত্রের প্রেরণা জুগিয়েছে : বাউবি উপাচার্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই জাতির ভাষাগত অধিকার ও সাংস্কৃতিক আত্মপরিচয়ের ভিত্তি রচিত হয়। আর এর মধ্য দিয়েই পরবর্তী সময়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পথ সুগম হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, অমর একুশ আমাদের আত্মমর্যাদা ও জাতীয় চেতনার উজ্জ্বল প্রতীক। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাষাগত অধিকার ও সাংস্কৃতিক আত্মপরিচয়। তাদের ত্যাগ থেকে জাতি পেয়েছে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রেরণা।
তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে৷ সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা৷
আরএইচটি/এমএন