শিক্ষাব্যবস্থা কার্যকর করতে পুরোনো চিন্তাধারা থেকে বের হতে হবে

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর করতে হলে পুরোনো চিন্তার ধারা থেকে বেরিয়ে আসতে হবে। সময়ের চাহিদা অনুযায়ী সৃজনশীল ও নতুন ভাবনায় এগিয়ে আমাদের আগাতে হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়েই কাজ করছি। শুধু সচিবালয়কে দুর্নীতিমুক্ত রাখলেই হবে না, মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার কার্যক্রমেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সুশাসনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার গুণগত মান প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হয়নি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর তার ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া সামগ্রিক শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এতে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন যুগ্মসচিব নুরুন্নাহার। এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের রানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএইচটি/এসএসএইচ