শূন্য আসনে মেধাক্রমের ভিত্তিতে বদলি হতে পারবেন টেক্সটাইল শিক্ষার্থীরা

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান বদলির সুযোগ পাবেন। এক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রমের ভিত্তিতে নিয়মিত শিক্ষার্থীরা এই বদলির সুযোগ পাবেন। ২য়, ৩য় ও ৫ম পর্বের শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম মেনে আগামী ১২ মার্চ পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাচ্ছেন।
সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বদলি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর অভিভাবকের প্রতিস্বাক্ষরসহ আবেদন করতে হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে আগামী ১ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে অনলাইনে বোর্ডের সার্ভারে পাঠাবে। তবে শিক্ষার্থীদের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত।
বোর্ড জানিয়েছে, আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে এই বদলি কার্যক্রম সম্পন্ন হবে। তবে বদলির ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়মাবলি অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে— সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী কেবল সরকারি প্রতিষ্ঠানে এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী কেবল বেসরকারি প্রতিষ্ঠানে বদলি হতে পারবে। এছাড়া টেকনোলজি, প্রবিধান এবং শিফট অবশ্যই এক হতে হবে (১ম শিফটের শিক্ষার্থী কেবল ১ম শিফটেই বদলি হতে পারবে)।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো অকৃতকার্য বা ‘রেফার্ড’ পাওয়া শিক্ষার্থী বদলির সুযোগ পাবে না। কেবল সব বিষয়ে উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীরাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া যারা এইচএসসি (বিজ্ঞান/ভোকেশনাল) বা আলিম (বিজ্ঞান) পাস করে সরাসরি ৩য় বা ৪র্থ পর্বে ভর্তি হয়েছে, তারা এই বদলি প্রক্রিয়ার আওতাভুক্ত হবে না।
বোর্ডের ওয়েবসাইট (www.bteb.gov.bd)-এর নির্ধারিত লিংকে প্রবেশ করে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দিতে পারবে। পর্ব সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশের পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে বদলির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএইচটি/এমএন