ডেঙ্গু ঝুঁকি মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলমের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ সময় ধরে জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, আশপাশে জমে থাকা বৃষ্টির পানি এবং যত্রতত্র ফেলে রাখা আবর্জনার কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বাড়ছে।
এতে আরও বলা হয়, মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে দীর্ঘ সময় ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মৌসুমি বৃষ্টিপাত ও বাতাসের আর্দ্রতা বৃদ্ধি ডেঙ্গু বিস্তারের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। তাই সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ঈদের ছুটি শেষে কার্যক্রম শুরুর আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিজ্ঞাপন
এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আরএইচটি/বিআরইউ