৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আগামী ৯ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ৭ মে পর্যন্ত চলা এই পরীক্ষার জন্য অত্যন্ত কঠোর ও কড়াকড়ি নিয়ম জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ এপ্রিল বাংলা (প্রথম পত্র), ১২ এপ্রিল বাংলা (দ্বিতীয় পত্র), ১৬ এপ্রিল ইংরেজি, ১৯ এপ্রিল বাংলাদেশ বিষয়াবলি, ২০ এপ্রিল আন্তর্জাতিক বিষয়াবলি এবং ২২ এপ্রিল গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া পদ-সংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৭ মে ২০২৬ পর্যন্ত। প্রতিটি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হব।
আসন বিন্যাস ও কেন্দ্রের বিষয়ে বলা হয়েছে, ঢাকা কেন্দ্রসহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা কেন্দ্রে মোহাম্মদপুর সরকারি কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বিজ্ঞান কলেজসহ মোট ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে আসন বিন্যাস করা হয়েছে। অন্যান্য বিভাগীয় শহরের নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবেন৷
বিজ্ঞাপন
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে প্রার্থীদের হলে প্রবেশ করতে হবে। এরপর হলের গেট বন্ধ করে দেওয়া হবে এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৫০ শতাংশ। তবে কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তা মোট নম্বরের সঙ্গে যোগ হবে না।
পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর (সাধারণ ক্যালকুলেটর ছাড়া), ব্যাগ, বই এবং ব্যাংক কার্ডসহ সব প্রকার নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। হলের গেটে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হবে। পরীক্ষা চলাকালে কারো কাছে এসব সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে পদ-সংশ্লিষ্ট কিছু কারিগরি বিষয়ের ক্ষেত্রে সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, প্রতিটি পরীক্ষা কক্ষ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় থাকবে। পরীক্ষার্থীদের কান ও মুখ দৃশ্যমান রাখতে হবে এবং কোনো প্রকার আবরণ রাখা যাবে না। তবে শ্রুতিলেখক প্রয়োজন এমন প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আরএইচটি/জেডএস
