দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ-মাধ্যমিক একাদশ ও সমমান পর্যায়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এই অর্থ সরাসরি শিক্ষার্থীদের প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১২ এপ্রিল থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
আবেদনের সময় ও প্রক্রিয়া সম্বন্ধে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে https://www.eservice.pmeat.gov.bd/admission লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি সরাসরি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।
কারা আবেদন করতে পারবেন?
বিজ্ঞাপন
ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীর মেধা ও পরিবারের আর্থিক অবস্থাকে মূল বিবেচ্য বিষয় হিসেবে রাখা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে। মেধাবী হওয়ার প্রমাণস্বরূপ শিক্ষার্থীর পূর্বের শ্রেণিতে (এসএসসি বা সমমান) অন্তত ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০-এর ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। এছাড়াও এতিম, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানরা অগ্রাধিকার পাবেন।
প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আবেদনের সঙ্গে বেশ কিছু নথিপত্র আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে—শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র (নির্ধারিত ফরমে), শিক্ষার্থীর জন্মনিবন্ধনের কপি, পিতা-মাতার এনআইডি কপি এবং শিক্ষার্থীর এক কপি ছবি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর ‘হতদরিদ্র’ পরিবারের সন্তান মর্মে সনদ আপলোড করতে হবে। ভর্তি সহায়তার টাকা সরাসরি শিক্ষার্থী বা তার পিতা/মাতার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
সহায়তার পরিমাণ ও অন্যান্য পর্যায় নতুন নির্দেশিকা অনুযায়ী, উপযুক্ত বিবেচিত হলে উচ্চ-মাধ্যমিক ও সমমান পর্যায়ের একজন শিক্ষার্থী এককালীন ৬ হাজার টাকা করে ভর্তি সহায়তা পাবেন। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক পর্যায়ে ৪ হাজার এবং স্নাতক পর্যায়ে ৮ হাজার টাকা হারে এই সহায়তা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
ভর্তি সহায়তা সংক্রান্ত কোনো সমস্যা বা তথ্যের জন্য হেল্পলাইন নম্বর: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬-এ অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) যোগাযোগ করতে বলা হয়েছে।
আরএইচটি/এমএসএ
