বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেছেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে সুস্থ প্রতিযোগিতা, সৃজনশীলতা ও দেশাত্মবোধের চর্চার সঙ্গে সম্পৃক্ত রাখা অত্যন্ত জরুরি। কারণ, খেলাধুলা, বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কার্যক্রম তরুণদের মানসিক বিকাশ, নৈতিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, জাতীয় দিবসভিত্তিক এ ধরনের আয়োজন শুধু আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এটি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলে। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আন্তঃসম্পর্ক দৃঢ় হয়, দলগত কাজের মানসিকতা তৈরি হয়। এরমাধ্যমে একটি স্থিতিশীল, মানবিক ও ইতিবাচক শিক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিত করাও সহজ হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ ধরনের আয়োজন তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক মানসিকতা জোরদার করে এবং সহিংসতা, অসহিষ্ণুতা ও নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে সহায়ক হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, আইসিটি বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান।
আরএইচটি/এমএসএ
