বিজ্ঞাপন

শিক্ষক নিয়োগে ই-রিকুইজিশনের সময় বাড়ল ১৫ এপ্রিল পর্যন্ত

শিক্ষক নিয়োগে ই-রিকুইজিশনের সময় বাড়ল ১৫ এপ্রিল পর্যন্ত

৯ম এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে এমপিওভুক্ত শূন্যপদের ই-রিকুইজিশন (অনলাইনে চাহিদা) জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সময়সীমা আগামী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে ই-রিকুইজিশন জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল ৩১ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ম শিক্ষক নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো থেকে এমপিওভুক্ত শূন্যপদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ক্ষেত্রে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সৃষ্ট শূন্যপদের চাহিদাই বিবেচনায় নেওয়া হবে। 

এতে আরও বলা হয়, ২০২৫ সালের ৭ম নিয়োগ সুপারিশ (বিশেষ) বিজ্ঞপ্তির সময় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ই-রেজিস্ট্রেশন হালনাগাদ সম্পন্ন করেছিল, শুধু তারাই বর্ধিত সময়ের মধ্যে অনলাইনে ই-রিকুইজিশন জমা দিতে পারবে।

ই-রিকুইজিশন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২৪ ঘণ্টার মধ্যে ২০০ টাকা ফি জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কোনো অবস্থাতেই অফলাইন, হার্ডকপি বা ই-মেইলের মাধ্যমে চাহিদা গ্রহণযোগ্য হবে না।

এনটিআরসিএর আইন ২০০৫ ও সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী, এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও সুবিধা বাতিল করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিষ্ঠানপ্রধানদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন ফরম পূরণ করতে হবে। এ জন্য http://ngi.teletalk.com.bd অথবা এনটিআরসিএর ওয়েবসাইটে ‘ই-রিকুইজিশন’ সেবার মাধ্যমে লগইন করে আবেদন করা যাবে। ফরম পূরণের সময় এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া নির্দেশিকা অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

আরএইচটি/এমএসএ