বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) কাউন্সিলে ৩৪ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে শিক্ষা সংস্কার ও মানবতার কল্যাণে কওমি মাদরাসার অবদান শীর্ষক আলোচনা সভা ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি আব্দুল হামিদ গওহারী এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ তানবীরুল ইসলাম। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি হিফজুর রহমান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন হাফেজ মাহমুদুল হক হাফেজ্জী ও মুফতি খোরশেদ আলম। এছাড়া দপ্তর সম্পাদক মুফতি ইব্রাহিম খলিল কাওসারী, অর্থ সম্পাদক আবির মুহাম্মদ রওশন এবং নির্বাহী সদস্য হিসেবে আইয়ুব হাসান মনোনীত হয়েছেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কওমি মাদরাসা আমাদের সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়ের প্রয়োজনে ঐতিহ্য বজায় রেখে আধুনিক শিক্ষারসঙ্গে এর সমন্বয় জরুরি।
তারা আরও বলেন, কওমি মাদরাসা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি মানবিক সহায়তা কাঠামো। তবে যথাযথ অবদান থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানগুলো এখনও প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত। এ খাতে রাষ্ট্রীয় সহযোগিতা ও সময়োপযোগী সংস্কার জরুরি, যাতে এটি আধুনিক ও বিশ্বমুখী হয়ে উঠতে পারে। ঐক্যই আমাদের শক্তি; বিভাজন নয়, সমন্বয়ের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে চাই।
এএসএস/এমএসএ
