বিজ্ঞাপন

বিইউবিটি-তে ‘বর্ষবরণ ও বৈশাখী মেলা ২০২৬’ এবং সাংস্কৃতিক মহোৎসব

বিইউবিটি-তে ‘বর্ষবরণ ও বৈশাখী মেলা ২০২৬’ এবং সাংস্কৃতিক মহোৎসব

বাঙালি সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য ও নতুন বছরের নতুন উদ্দীপনাকে বরণ করে নিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষবরণ ও বৈশাখী মেলা ২০২৬’। ভোরের সূর্য ওঠার পর থেকেই পুরো ক্যাম্পাস রঙিন হয়ে ওঠে বৈশাখী সাজে, যেন প্রাণের স্পন্দনে জেগে ওঠে নতুন এক বিইউবিটি।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রদীপ প্রজ্বলন ও ফিতা কাটার মাধ্যমে এই আনন্দ উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ , শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে মাননীয় উপাচার্য বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সমৃদ্ধ সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী এই মেলায় শিক্ষার্থীদের পরিচালিত বিভিন্ন স্টল ছিল প্রধান আকর্ষণ। প্রতিটি ডিপার্টমেন্ট এর স্টলে দেশীয় কারুপণ্য, পিঠা-পুলি, চারুকলা এবং ঐতিহ্যের ছোঁয়া মেলা প্রাঙ্গণকে এক টুকরো গ্রাম্য মেলায় রূপান্তর করেছিল। সকাল থেকে সন্ধ্যা অবধি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত ও সার্থক করে তোলে।

মেলার আনন্দঘন এই আয়োজনের রেশ কাটতে না কাটতেই শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিইউবিটি কালচারাল ক্লাব-এর তত্ত্বাবধানে আয়োজিত ‘বিইউবিটি আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালের জমকালো চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিনটির সমাপ্তি ঘটে। প্রিলিমিনারি রাউন্ডের মাধ্যমে নির্বাচিত মেধাবী প্রতিযোগীদের মনোমুগ্ধকর পারফরম্যান্স উপস্থিত দর্শকদের বিমোহিত করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে এই বাংলা ঐতিহ্যের চিরন্তন ও সাফল্যমণ্ডিত আয়োজনের নান্দনিক সমাপ্তি ঘটে।

এনটি

বিজ্ঞাপন