বিজ্ঞাপন

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব উদযাপিত

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব উদযাপিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘এআইইউবি বৈশাখী উৎসব ১৪৩৩’| বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। পহেলা বৈশাখের এ আয়োজনে ছিল বাউল গান, লোকসংগীত, নাগরদোলা, গ্রামীণ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড পারফরম্যান্স। এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

উৎসবে শিক্ষার্থীদের উদ্যোগে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরা হয় বিভিন্ন স্টল ও প্রদর্শনীর মাধ্যমে। মেলায় স্থান পায় দেশীয় খাবার, হস্তশিল্প, মাটির খেলনা, পাটজাত পণ্যসহ লোকজ নানা সামগ্রী। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে আলপনা অঙ্কন ও বৈশাখী মোটিফের সাজে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠান উদ্বোধন করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বৈশাখের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে দেশের খ্যাতনামা সংগীত শিল্পীদের পরিবেশনায় শুরু হয় উৎসব মাতানো প্রাণবন্ত কনসার্ট। এতে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান এবং জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান ও প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীনসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে এআইইউবি প্রতি বছরই এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের এক সুতোয় গেঁথে আসছে।

এনটি

বিজ্ঞাপন