বিজ্ঞাপন

বিধি মেনেই চলছে শিক্ষক নিয়োগ, আন্দোলনরতদের ঘরে ফেরার আহ্বান

বিধি মেনেই চলছে শিক্ষক নিয়োগ, আন্দোলনরতদের ঘরে ফেরার আহ্বান

বিধি-বিধান মেনেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে নিয়োগপত্রের দাবিতে আন্দোলনরতদের ধৈর্য ধারণ করে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার এবং জনদুর্ভোগ এড়াতে আন্দোলন স্থগিত করে ঘরে ফেরার অনুরোধ জানান।

রোববার (২৬ এপ্রিল) নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের প্রেক্ষিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে। সাত সদস্যের এই প্রতিনিধি দল নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।

এ সময় ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান রয়েছে। প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি আন্দোলনরত শিক্ষকদের ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়া উচিত।

প্রতিমন্ত্রী আরও বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

আরএইচটি/এমএন