বিজ্ঞাপন

দেশের ৬৪ জেলায় শিক্ষা কর্মকর্তাদের প্রশাসনিক ব্যয় বরাদ্দ দিল মাউশি

দেশের ৬৪ জেলায় শিক্ষা কর্মকর্তাদের প্রশাসনিক ব্যয় বরাদ্দ দিল মাউশি

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও মাঠ পর্যায়ের দপ্তরে প্রশাসনিক গতিশীলতা বাড়াতে দেশের ৬৪ জেলার শিক্ষা কর্মকর্তাদের অনুকূলে বিশেষ বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য এই অর্থ ছাড় করা হয়েছে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের অনুমোদিত দলিল ও ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দের আওতায় এই অর্থ ছাড় করা হয়েছে। সারা দেশের ৬৪টি জেলা শিক্ষা অফিসের জন্য মোট ১৫ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি জেলা শিক্ষা অফিস ‘অন্যান্য মনিহারি’ (কোড ৩২৫৫১০৫) খাতে ২৪ হাজার টাকা করে বরাদ্দ পেয়েছে।

উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ‘লেইস’ প্রকল্পটি ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং জলবায়ু সচেতনতামূলক কর্মসূচিসহ শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের দপ্তরগুলো যেন এসব কর্মসূচি যথাযথভাবে পালন করতে পারে, সেজন্যই এই প্রশাসনিক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে, বরাদ্দ দেওয়া এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোর নীতিমালা অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রকল্প পরিচালক প্রফেসর মো. আসাদুজ্জামান। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের সাথে সমন্বয় করে ব্যয়ের বিবরণী প্রকল্প দপ্তরে পাঠাতে হবে।

এছাড়া নিরীক্ষা বা অডিট কার্যক্রমের জন্য সব বিল-ভাউচার সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষণ করতে হবে এবং অব্যয়িত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে সমর্পণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। 

আরএইচটি/এমএসএ

বিজ্ঞাপন