দেশের কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. মামুন আহমেদ।
বুধবার (১৩ মে) ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশন এবং ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নিয়ে ইউজিসি কাজ করছে। এ লক্ষ্যে বিদ্যমান প্রথম সারির কয়েকটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ অথবা নতুনভাবে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে ইউজিসির সক্রিয় পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে শিক্ষা একটি উচ্চমূল্যের জ্ঞানভিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ কেবল উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী প্রেরণকারী দেশ হিসেবে অবস্থান করতে চায় না, বরং বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী।
প্রতিনিধিদলে ছিলেন ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার ভিক সিং, ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্ত এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান।
সাক্ষাতে প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা খাতকে সহায়তা করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের শক্তিশালী ও ধারাবাহিক সম্পৃক্ততা রয়েছে। এ সম্পৃক্ততার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার প্রখ্যাত শিক্ষাবিদদের অংশগ্রহণে একাধিক গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছে। এছাড়া দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে ইউনিভার্সিটি অব নিউক্যাসলের প্রো ভাইস-চ্যান্সেলর ড. অ্যালেকের সঙ্গে বৈঠক আয়োজনসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউজিসির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর আয়োজনেও সহযোগিতা করা হয়েছে।
উচ্চশিক্ষা খাতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং কৌশলগত সম্পৃক্ততা আরও জোরদার করার লক্ষ্যে চলতি বছরের জুন মাসে ঢাকায় একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক আয়োজনের পরিকল্পনার বিষয়েও প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করে। তারা জানান, প্রস্তাবিত গোলটেবিল বৈঠকে অস্ট্রেলিয়ার প্রথম সারির ৭ থেকে ৮টি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে উপযুক্ত প্রতিনিধি নির্বাচনে তারা ইউজিসির সহযোগিতা কামনা করেন।
ওএফএ/এমএসএ
