কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইন্দারার পাড় বালিকা দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষিকার শিক্ষক নিবন্ধন সনদ, নিয়োগপত্র এবং এমপিও শিটসহ সমস্ত শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র জরুরি ভিত্তিতে তলব করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ওই প্রতিষ্ঠানের চারজন শিক্ষকের দাখিল করা একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ (বুধবার) এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩ শাখার সহকারী পরিচালক ড. এস এম আতিয়ার রহমানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ধামশ্রেণী ইন্দারার পাড় বালিকা দাখিল মাদ্রাসার সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষিকা রাশেদা সুলতানার বিরুদ্ধে একই মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক রফিকুল ইসলাম এবং তিন সহকারী শিক্ষক জাবেদ আলী, নুরনবী আকন্দ ও ছাইয়েদুর রহমান এনটিআরসিএ কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে এর আগে গত ২ মার্চ এক স্মারকপত্রের মাধ্যমে শিক্ষিকা রাশেদা সুলতানার শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রত্যয়নপত্র, নিয়োগপত্র, যোগদানপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং সর্বশেষ এমপিও শিটের অনুলিপি সত্যায়ন করে এনটিআরসিএ কার্যালয়ে পাঠানোর জন্য মাদ্রাসার সুপারকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে এসব কাগজপত্র পাঠাতে ব্যর্থ হয়।
এরই ধারাবাহিকতায় মাদ্রাসা সুপারকে পুনরায় তাগিদ দিয়ে নতুন এই চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার কার্যদিবসের মধ্যে শিক্ষিকা রাশেদা সুলতানার সব কাগজপত্রের অনুলিপি সত্যায়ন করে এনটিআরসিএ কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরএইচটি/এনএফ
