বিজ্ঞাপন

ইংরেজি পাঠ্যক্রম উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা চায় বাংলাদেশ

ইংরেজি পাঠ্যক্রম উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা চায় বাংলাদেশ

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় দেশের ইংরেজি শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিতে চায় বাংলাদেশ সরকার।

আজ (বুধবার) পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মূল্যায়ন পদ্ধতি আরও কার্যকর করতে যুক্তরাজ্যে ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৈঠকে অংশ নেন ব্রিটিশ কাউন্সিলের গ্রোথ মার্কেট বিভাগের পরিচালক হ্যারিয়েট গার্ডনার এবং বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতার সম্ভাব্য বিভিন্ন ক্ষেত্র তুলে ধরে ব্রিটিশ কাউন্সিল। বিশেষ করে ইংরেজি পাঠ্যক্রম পরিমার্জন, শিক্ষকদের পেশাগত উন্নয়ন জোরদার, মূল্যায়ন প্রক্রিয়া আরও কার্যকর করা এবং বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিষয়ে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

আরএইচটি/এসএএস/এনএফ