দেশের কারিগরি শিক্ষার পাঠ্যক্রম ও বিষয়গুলোকে আরও আধুনিক, যুগোপযোগী এবং পরিমার্জিত করার লক্ষ্যে ‘কারিগরি শিক্ষার পাঠ্যক্রম সংক্রান্ত কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সিদ্ধান্ত অনুযায়ী এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
উপসচিব মো. নূরুল হাফিজের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবস্তুক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে এই নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামী থটের (বিআইআইটি) এম আব্দুল আজিজ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) ফরিদা ইয়াসমিন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান, গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আবু রায়হান এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ ড. হরিপদ দাস, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান এবং ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. দেলওয়ার হোসেনকেও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই কমিটির সদস্য হিসেবে এবং কারিগরি শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম শাখার পরিচালক সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই কমিটির প্রধান কাজ হবে কারিগরি শিক্ষা ধারার বিভিন্ন স্তরের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পর্যালোচনা করা। একই সঙ্গে দেশের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার আলোকে কারিগরি শিক্ষার বিষয়গুলোকে আরও যুগোপযোগী ও পরিমার্জনের জন্য সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশও জানাবে এই কমিটি।
আরএইচটি/এমএসএ
