বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা

৩০০ খাতার জায়গায় নিলেন ৭০০, পরীক্ষককে শোকজ করল বোর্ড

৩০০ খাতার জায়গায় নিলেন ৭০০, পরীক্ষককে শোকজ করল বোর্ড

নির্ধারিত সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি উত্তরপত্র অনৈতিকভাবে গ্রহণ ও মূল্যায়নের অভিযোগে নরসিংদীর এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অভিযুক্ত শিক্ষকের নাম মো. আ. রশিদ মিয়া। তিনি নরসিংদীর মনোহরদীর দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্রের (বিষয় কোড-১০২) একজন পরীক্ষক (কোড-২৪৬০)।

সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্রের পরীক্ষক মো. আ. রশিদ মিয়া বোর্ড থেকে অনৈতিকভাবে ও তথ্য গোপন করে খাতা গ্রহণ করেছেন। একজন পরীক্ষকের জন্য নীতিগতভাবে সর্বোচ্চ ৩০০টি উত্তরপত্র মূল্যায়নের নিয়ম নির্ধারিত থাকলেও তিনি ৭০০টি উত্তরপত্র গ্রহণ করেন। শুধু তাই নয়, নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ এই উত্তরপত্র অত্যন্ত অল্প সময়ের মধ্যে মূল্যায়ন করে তিনি প্রধান পরীক্ষকের কাছে জমাও দিয়েছেন।

এমন অবস্থায়, বোর্ডের নিয়ম-নীতি বহির্ভূত এই কাজের জন্য তার বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরএইচটি/এমএআর