বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, শিক্ষা সবার মৌলিক অধিকার। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়ে শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (৫ জুন) রংপুরের মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত এমএ অথবা এমএসএস পরীক্ষা এবং মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বাউবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগ্রহী তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির শিক্ষা কার্যক্রম ও সহযোগিতার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে। তাদের শিক্ষা থেকে পিছিয়ে না রেখে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ, রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামী এবং যুগ্ম পরিচালক মো. আজিজার রহমান।
আরএইচটি/এমএসএ
