আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি ‘মাইগ্রেশন সামার স্কুল ২০২৬’-এ অংশ নিতে সম্পূর্ণ বৃত্তি অর্জন করেছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহকারী পরিচালক দেবব্রত ঘোষ। ইতালির ফ্লোরেন্সে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের (ইইউআই) অধীনস্থ মাইগ্রেশন পলিসি সেন্টার আয়োজিত এ প্রশিক্ষণ আগামী ২২ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের অধীন মাইগ্রেশন পলিসি সেন্টার (এমপিসি) এ সামার স্কুলের আয়োজন করে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের কর্মী এবং উন্নয়ন পেশাজীবীরা অংশ নেন। কর্মসূচির লক্ষ্য আন্তর্জাতিক অভিবাসন, আশ্রয়নীতি, শ্রম অভিবাসন, অভিবাসন শাসনব্যবস্থা, মানবাধিকার, ট্রান্সন্যাশনালিজম ও অভিবাসন কূটনীতি বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।
আয়োজক প্রতিষ্ঠান দেবব্রত ঘোষের আন্তর্জাতিক বিমানভাড়া, আবাসন, টিউশন ফি, প্রশিক্ষণসামগ্রী, লাইব্রেরি ব্যবহার, ইন্টারনেট সুবিধা, সামাজিক ও নেটওয়ার্কিং কার্যক্রম এবং প্রশিক্ষণকালীন মধ্যাহ্নভোজসহ সব ব্যয় বহন করবে।
বর্তমানে দেবব্রত ঘোষ বিএমইটির এমিগ্রেশন শাখায় সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংস্থাটির গবেষণা সেল, অভিযোগ ব্যবস্থাপনা সেল এবং রিক্রুটমেন্ট অ্যাপ্রুভাল সেলে কাজ করেছেন। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার প্রতিরোধ, অভিবাসী কর্মীদের কল্যাণসেবা প্রদান এবং প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসন কার্যক্রমে ভূমিকা রেখেছেন।
এক যুগেরও বেশি সময় ধরে অভিবাসন খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে দেবব্রত ঘোষের। দেশের বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় তিনি বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ, প্রাক-প্রস্থান প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, অভিবাসী নিবন্ধন, অভিযোগ নিষ্পত্তি, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনায় অবদান রেখে আসছেন।
এর আগে ২০২৩ সালে তিনি নেদারল্যান্ডসের মাস্ট্রিখট ইউনিভার্সিটি ও ইউএনইউ-মেরিট পরিচালিত মাইগ্রেশন ম্যানেজমেন্ট ডিপ্লোমা প্রোগ্রামে (এমএমডিপি) পূর্ণ বৃত্তি নিয়ে অংশগ্রহণ করেন এবং সফলভাবে কোর্স সম্পন্ন করেন।
এ ছাড়া ইতালিতে অনুষ্ঠিত ১৭তম ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ল’ কোর্স, থাইল্যান্ডে অনুষ্ঠিত রিজিওনাল একাডেমি অন জেন্ডার, ইনক্লুশন অ্যান্ড দ্য ফিউচার অব ওয়ার্ক এবং বেলজিয়ামে অনুষ্ঠিত ফিউচার ফোরাম কনফারেন্সে তিনি পূর্ণ বৃত্তি ও ফেলোশিপের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
অভিবাসন খাতে পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্টের প্রশংসাপত্র, বিএমইটির এপিএ ও এনআইএস পুরস্কার এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের ‘সোনার মানুষ সেবা অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।
দেবব্রত ঘোষ বলেন, এই বৃত্তি অর্জন আমার জন্য যেমন ব্যক্তিগত সম্মানের, তেমনি বাংলাদেশের অভিবাসন খাতে কর্মরত সব সহকর্মীর জন্যও গর্বের বিষয়। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশে নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন ব্যবস্থাপনা উন্নয়নে কাজে লাগাতে চাই।
আরএইচটি/বিআরইউ
