বিজ্ঞাপন

পটুয়াখালী ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

পটুয়াখালী ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যকে অব্যাহতি দিয়ে তাদের নিজ নিজ মূল কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ড. কাজী রফিকুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে নিজ কর্মস্থলে ফিরে যাবেন।

অন্যদিকে, পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ পর্যন্ত, যেটি আগে ঘটবে, তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

এদিকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহিদুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক হিসেবে নিজ কর্মস্থলে যোগদান করবেন।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। তিনিও চার বছরের জন্য অথবা অবসরের পূর্ব পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

পৃথক এক প্রজ্ঞাপনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য (অবসরপ্রাপ্ত সচিব) ইসতিয়াক আহমদের পদত্যাগপত্র নিয়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পদত্যাগ ৭ জুন থেকে কার্যকর হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে।

এমএইচএন/এসএএস/জেডএস