বিজ্ঞাপন

৩ শ্রেণির উপবৃত্তির চূড়ান্ত নির্বাচনী নম্বর নির্ধারণে বৈঠকে বসছে কমিটি

৩ শ্রেণির উপবৃত্তির চূড়ান্ত নির্বাচনী নম্বর নির্ধারণে বৈঠকে বসছে কমিটি

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে উপবৃত্তি কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন এবং টাকা বিতরণ বিষয়ে আজ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন এ কর্মসূচির ‘উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং কমিটি’র এই সভাটি মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াইটায় রাজধানীর ধানমন্ডির ট্রাস্টের সভা কক্ষে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের এই সভায় মূলত চারটি গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা বা আলোচ্যসূচি নিয়ে আলোচনা করা হবে। এর মধ্যে অন্যতম হলো, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম ১ম বর্ষ এবং ২০২৬ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ (স্কুল ও মাদরাসা) শ্রেণির উপবৃত্তির নতুন সুবিধাভোগী নির্বাচনের বিষয়টি। এ লক্ষ্যে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে ইতোমধ্যে এন্ট্রিকরণ শিক্ষার্থীদের আবেদন ফরমের নির্ধারিত নির্ণায়কগুলো মূল্যায়ন করে একটি নির্বাচনী নম্বর নির্ধারণ করা হবে।

এ ছাড়া সভায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ২০২৫-২৬ অর্থ বছরের সামগ্রিক কার্যক্রম বাস্তবায়ন ও এর অগ্রগতি পর্যালোচনা করা হবে। একইসঙ্গে এই অর্থ বছরের গত জুলাই-ডিসেম্বর/২০২৫ এবং জানুয়ারি-জুন/২০২৬ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফির টাকা বিতরণ করা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। 

এতে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদরাসা শিক্ষা অধিদপ্তর, ব্যানবেইস, ঢাকা শিক্ষাবোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড এবং অর্থ বিভাগের বাজেট শাখার যুগ্মসচিব বা উপসচিবসহ পরিচালক পর্যায়ের প্রতিনিধি ও উপযুক্ত কর্মকর্তারা অংশ নেওয়ার কথা রয়েছে।

আরএইচটি/এমএন