বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ

প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ

দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আগামী বছর থেকে জাতীয় পর্যায়ে টেলিভিশনে প্রতিযোগিতা সম্প্রচার এবং আকর্ষণীয় পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এ অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) এর ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। গান, নৃত্য, আবৃত্তি, গল্প বলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সৃজনশীলতা ও দক্ষতা জাতীয় পর্যায়ে তুলে ধরতে সরকার কার্যকর পদক্ষেপ নিবে।

তিনি বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীরা চমৎকার পরিবেশনা উপস্থাপন করছে। তবুও তাদের আত্মবিশ্বাস ও প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। আগামী দিনে আমরা আরও উন্নত আয়োজনের মাধ্যমে তাদের সেরাটা দেশবাসীর সামনে তুলে ধরতে চাই।

ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা কোনো অংশেই পিছিয়ে নেই। তাদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সৃজনশীল নেতৃত্ব তৈরি হবে। সেই সম্ভাবনাকে বিকশিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

আগামী বছর থেকে প্রতিযোগিতাগুলো আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সারা দেশের মানুষ যাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা উপভোগ করতে পারে, সে জন্য প্রতিযোগিতাগুলো টেলিভিশনে সম্প্রচার করা হবে। পাশাপাশি পুরস্কারের পরিধিও বৃদ্ধি করা হবে।

বিদ্যালয়গুলোকে উৎসাহিত করতে নতুন প্রণোদনার ঘোষণাও দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী বড় কোনো পুরস্কার অর্জন করলে শিক্ষার্থীর পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়কেও বিশেষ অনুদান দেওয়া হবে। এতে শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আরও উৎসাহিত হবেন।

স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে তিনি উপজেলা, ইউনিয়ন ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশমূলক কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে প্রচার করতে হবে। স্থানীয় প্রতিযোগিতাগুলোতে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এমএইচএন/এসএএস/বিআরইউ