জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ১৩ জুন (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ প্রধান বক্তা হিসেবে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয় বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০১৫ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতা আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও পৌঁছে গেছে এবং তাদের মধ্যে প্রোগ্রামিং, সমস্যা সমাধান ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, আমরা অনেক সময় প্রোগ্রামিংকে শুধু কোড লেখা হিসেবে দেখি। কিন্তু বাস্তবে প্রতিটি কোডের পেছনে থাকে একটি সমস্যা সমাধানের লক্ষ্য। প্রোগ্রামিং তরুণদের মধ্যে যৌক্তিক চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং সৃজনশীলতা গড়ে তোলে, যা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও নেতৃত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর প্রতিযোগিতায় কুইজ ও প্রোগ্রামিং মিলিয়ে পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৭ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী নিবন্ধন করে। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে প্রোগ্রামিং ও কুইজ বিভাগে মোট ৮৩২ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রোগ্রামিং প্রতিযোগিতা বাংলাদেশ-কোরিয়া ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (বিকেআইআইসিটি), বিসিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। আর কুইজ প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এ.টি.এম. জিয়াউল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জফরুল আলম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএইচটি/জেডএস
