রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে তদারকি জোরদার এবং অনিয়ম-দুর্নীতি রোধে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুই বছর মেয়াদি এই কমিটি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন অনিয়ম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
একই সঙ্গে প্রতিষ্ঠানটির মূল শাখা ছাড়া বাকি পাঁচটি শাখার প্রধান হিসেবে শিক্ষা ক্যাডারের পাঁচজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব কর্মকর্তা সংশ্লিষ্ট শাখাগুলোর প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।
বৃহস্পতিবার (১১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে।
এর আগে গত ১৭ মে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিভিন্ন অনিয়ম নিয়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটির তদারকি জোরদার এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আরএইচটি/আরএফ/এমএন
