বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষায় ধাপে ধাপে চালু হবে সাংস্কৃতিক শিক্ষা : ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষায় ধাপে ধাপে চালু হবে সাংস্কৃতিক শিক্ষা : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় ধাপে ধাপে সাংস্কৃতিক শিক্ষার পরিসর উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, এ লক্ষ্য সামনে রেখে ২০২৮ সাল থেকে নতুন কারিকুলামের আওতায় চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বৃহৎ পরিসরে সাংস্কৃতিক শিক্ষা কার্যক্রম চালু করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অগ্রগতির জন্য সাংস্কৃতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গান, নাচ ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা সাংস্কৃতিক চর্চার বিরোধিতা করে, তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কাছে ভবিষ্যৎ প্রজন্মকে জিম্মি করা যাবে না। শিক্ষা ও সংস্কৃতিকে সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা–ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষায় ধাপে ধাপে সাংস্কৃতিক শিক্ষা (কালচারাল এডুকেশন) চালু করা হবে। এর মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যারা শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞানেই নয়, বরং সংস্কৃতি, সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হবে।

শিক্ষকদের মর্যাদা ও পেশাগত অবস্থান নিয়ে তিনি বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে শিক্ষকতা, বিশেষ করে প্রাথমিক শিক্ষকতা, একটি সম্মানজনক ও আকাঙ্ক্ষিত পেশায় পরিণত হবে। শিক্ষকদের ক্ষমতায়নের মাধ্যমেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করা সম্ভব।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচটি/জেডএস

বিজ্ঞাপন