বিজ্ঞাপন

প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার ওপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের

প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার ওপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, প্রকৌশল শিক্ষার্থীদের শুধু মেধা ও কারিগরি দক্ষতা অর্জন করলেই হবে না, তাদের সৎ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবেও গড়ে উঠতে হবে। মেধা ও দক্ষতার সঙ্গে নৈতিকতা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের সমন্বয় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে।

রোববার (১৪ জুন) রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে দক্ষ প্রকৌশলীর পাশাপাশি নৈতিক নেতৃত্বসম্পন্ন পেশাজীবী প্রয়োজন। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও উদ্ভাবনবান্ধব সমাজ গঠনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ডিগ্রি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তাই অ্যাকাডেমিক উৎকর্ষের পাশাপাশি তাদের সামাজিক দক্ষতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এমআইএসটি শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাগত উৎকর্ষের চর্চার জন্য সুপরিচিত বলে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শৃঙ্খলার ইতিবাচক ধারা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, সামাজিক সম্পৃক্ততা ও ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। এমআইএসটি কর্তৃপক্ষকে এমন শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি, যেখানে শৃঙ্খলা ও মানবিক বিকাশের মধ্যে ভারসাম্য বজায় থাকবে।

দেশে উচ্চশিক্ষার বিস্তার ঘটলেও সে অনুপাতে শিক্ষার মান বাড়েনি উল্লেখ করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে ইউজিসি দক্ষতাভিত্তিক শিক্ষা, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করছে। দেশে বর্তমানে প্রায় একশ ৮০টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। উচ্চশিক্ষা খাতের পরিধি বাড়লেও শিক্ষার গুণগত মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এ অবস্থা উত্তরণে ইউজিসি বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

অনুষ্ঠানে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান, কর্নেল মো. শাহাব উদ্দিন ও কর্নেল মোহাম্মদ মোজাম্মেল হক বক্তব্য রাখেন।

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, প্রতিষ্ঠানটিতে প্রকৌশলসহ সব বিভাগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের আওতায় পাঠদান করা হয়। এর ফলে শিক্ষার্থীরা কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জন করছে।

তিনি বলেন, এমআইএসটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরির পাশাপাশি দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে কাজ করছে। আধুনিক গবেষণাগার স্থাপন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য আবাসন সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এমএইচএন/জেআই/এসএম

বিজ্ঞাপন