বাংলাদেশ জাতীয় অধ্যাপক নিয়োগ নীতিমালা–২০২৩ অনুযায়ী জাতীয় অধ্যাপক নিয়োগের জন্য সুপারিশ করতে মনোনয়ন কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (১৫ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই মনোনয়ন কমিটি বাংলাদেশ জাতীয় অধ্যাপক নিয়োগ নীতিমালা–২০২৩ অনুসারে জাতীয় অধ্যাপক নিয়োগের জন্য সরকারের কাছে সুপারিশ প্রদান করবে।
আরএইচটি
