২০২৫–২৬ অর্থবছরে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষকদের জন্য গবেষণা মঞ্জুরির আওতায় গবেষণা প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। ‘গবেষণা মঞ্জুরি প্রদান সংক্রান্ত রেগুলেশন–২০১৯’-এর আওতায় সংশ্লিষ্ট বিষয়, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক বছর মেয়াদি গবেষণা প্রকল্পের জন্য নির্ধারিত ফরমে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা এর অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হতে হবে। তবে অন্য কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণা প্রকল্প চলমান থাকলে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
গবেষণা প্রস্তাবনা একক অথবা যৌথ—উভয় ক্যাটাগরিতে জমা দেওয়া যাবে। তবে একই গবেষণা প্রকল্প একাধিক ক্যাটাগরিতে (একক বা যৌথ) জমা দেওয়া যাবে না। গবেষণা অনুদানের অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় উল্লেখিত সব শর্ত ও নির্দেশনা অনুসরণ করতে হবে।
আবেদনকারীদের নির্ধারিত তথ্যছক পূরণ করে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং গত পাঁচ বছরে সম্পাদিত গবেষণা প্রকল্প বা প্রকাশনার তালিকা জমা দিতে হবে। একই সঙ্গে জানানো হয়েছে, যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একক গবেষণাকর্ম সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা এবং যৌথ গবেষণাকর্ম সর্বোচ্চ ৪ লাখ টাকার মধ্যে সম্পন্ন করতে হবে।
প্রকল্প প্রস্তাবনার সফট কপি মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে সংশ্লিষ্ট ক্যাটাগরি অনুযায়ী [email protected] ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি আবেদনপত্রের চারটি কপি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির চেয়ারম্যান বা অধ্যক্ষ কর্তৃক অনুস্বাক্ষরিত করে ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, রুম নম্বর–৫১০, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ঠিকানায় আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।
গবেষণা প্রকল্পের আবেদনপত্র, তথ্যছক ও সংশ্লিষ্ট সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ‘NURG’ সাবমেন্যুতে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এসএম
