বিজ্ঞাপন

পরিবর্তনশীল বিশ্বের জন্য প্রস্তুত হতে হবে শিক্ষার্থীদের : বাউবি উপাচার্য

পরিবর্তনশীল বিশ্বের জন্য প্রস্তুত হতে হবে শিক্ষার্থীদের : বাউবি উপাচার্য

উচ্চশিক্ষার লক্ষ্য শুধু ভালো ফলাফল বা সনদ অর্জন নয়, বরং শিক্ষার্থীদের দক্ষ, মানবিক, সৃজনশীল, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।

রোববার (২১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প কলেজ ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, বিশ্ববিদ্যালয় বা কলেজজীবন নতুন সম্ভাবনা, স্বপ্ন ও দায়িত্ববোধের সূচনা করে। পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, নেতৃত্বগুণ, গবেষণামনস্কতা, নৈতিকতা ও সহমর্মিতার চর্চা করতে হবে। সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা, সেবামূলক উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে একজন শিক্ষার্থীর ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটে।

তিনি বলেন, ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স দীর্ঘদিন ধরে নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন, পারিবারিক ও সামাজিক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক জ্ঞানের পাশাপাশি জীবনব্যবস্থাপনা, সৃজনশীলতা, পেশাগত সক্ষমতা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার মানসিকতা অর্জন করবে। আজকের নবীনরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর।

ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের অধ্যক্ষ নূরুন নাহার বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান প্রমুখ।

এমএইচএন/আরএফ

বিজ্ঞাপন