রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি বিলুপ্ত করে দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন প্রবিধানমালা অনুযায়ী আট সদস্যবিশিষ্ট এই কমিটি করা হয়েছে।
গত রোববার বোর্ডের কলেজ পরিদর্শক মুন্সী হুমায়ুন কবিরের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
নতুন গঠিত বিশেষ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ম. হামিদুল হক মানিক। তিনি এর আগে প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। কমিটির অন্যান্য সদস্য হলেন— শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বেসরকারি মাধ্যমিক–৩), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বিদ্যালয় শাখার পরিদর্শক, শিক্ষক প্রতিনিধি শামীমা আহমেদ এবং অভিভাবক প্রতিনিধি শাকিল মোল্লা। এই বিশেষ কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
এর আগে প্রতিষ্ঠানটিতে তদারকি জোরদার এবং অনিয়ম–দুর্নীতি রোধে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। গত ১১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক কার্যক্রমে নজরদারি ও উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটির মূল শাখা ছাড়া বাকি পাঁচটি শাখার প্রধান হিসেবে শিক্ষা ক্যাডারের পাঁচজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। তারা সংশ্লিষ্ট শাখাগুলোর প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, গত ১৭ মে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিভিন্ন অনিয়ম নিয়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটির তদারকি জোরদার এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়।
আরএইচটি/জেডএস
