বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, উচ্চশিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এখন মানবসম্পদ উন্নয়নকেও গুরুত্ব দিচ্ছে সরকার। সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আরও আধুনিক এবং দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আয়োজিত ‘শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচি পরিদর্শকালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য উচ্চশিক্ষার রূপান্তর। এ লক্ষ্যে অ্যাকাডেমিক কার্যক্রমের উন্নয়ন, গবেষণায় অর্থায়ন বৃদ্ধি এবং শিক্ষক প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অতীতে অবকাঠামোগত উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হলেও এখন মানবসম্পদ উন্নয়নকে কেন্দ্র করেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষক ও প্রশাসনের দক্ষতা বাড়াতে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম বিশ্ববিদ্যালয়গুলোতে সেবার মান, স্বচ্ছতা এবং জবাবদিহি বাড়াতে সহায়তা করবে।
বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাউবির আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, হিট প্রকল্পের প্রশিক্ষণ শাখার প্রধান প্রফেসর সেলিনা জামান, প্রোগ্রাম অফিসার সুলতানা রাজিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএইচটি/আরএফ/এনএফ
